আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১২ মার্চ) : পবিত্র রমজান মাসে টানা ১২ দিনের মতো আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম প্রধান দেশ। কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরনো শহর এবং পবিত্র উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধ আন্তর্জাতিক মানবিক আইন ও ঐতিহাসিক স্থিতাবস্থার পরিপন্থী। তারা এই পদক্ষেপকে ইবাদতের জায়গায় অবাধ প্রবেশের অধিকারের ওপর একটি ‘নির্লজ্জ লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন।

যৌথ বিবৃতিতে মন্ত্রীরা জানান, তারা ইসরায়েলের এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের পাশাপাশি আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফে ফিলিস্তিনিদের ওপর চলমান উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-আকসা মসজিদ এলাকাটি সম্পূর্ণভাবে এবং একচেটিয়াভাবে মুসলিমদের জন্য। জর্ডানের ওয়াকফ ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘জেরুজালেম এনডাউমেন্টস অ্যান্ড আল-আকসা মস্ক অ্যাফেয়ার্স’ বিভাগই এই মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার একমাত্র আইনগত কর্তৃপক্ষ।

মন্ত্রীরা দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে অবিলম্বে আল-আকসা মসজিদের গেটগুলো খুলে দেওয়ার এবং ইবাদতকারীদের বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ইসরায়েলকে এসব নিয়ম লঙ্ঘন বন্ধে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে, ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষিতে ‘নিরাপত্তা’ ব্যবস্থার অংশ হিসেবে তারা এই বিধিনিষেধ আরোপ করেছে। তবে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় একে ফিলিস্তিনিদের অধিকারের ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মসজিদ বন্ধ রাখার এই নীতিকে তারা বর্ণবাদী ও বেআইনি হিসেবে দেখছে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, পবিত্র রমজান মাসে উপাসনালয় বন্ধ রাখা একটি ‘ভয়াবহ ঐতিহাসিক নজির’ এবং এটি সরাসরি ধর্মীয় স্বাধীনতার ওপর বড় ধরণের হস্তক্ষেপ।

সূত্র: আল-জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ