পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ মার্চ) : ম্যাচটি এতটা একপেশে হবে, ভাবেনি কেউ। তবে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের আগুনে বোলিংয়ে তাই হলো। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ৮ উইকেটের জয়ের তিন ম্যাচ সিরিজে উড়ন্ত সূচনা করেছে টাইগাররা।
বুধবার (১১ মার্চ) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান (৩০.৪ ওভার)। জবাবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় বাংলাদেশ।
বাংলাদেশের উইকেট পতন দুটি। তৃতীয় ওভারে শাহিন শাহর বলে মাত্র ৪ রান করে বিদায় নেন সাইফ হাসান। জয়ের জন্য বাকি কাজটুকু প্রায় সারেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। জয় থেকে ৫ রান দূরে থাকতে আউট হন শান্ত। ওয়াসিমের বলে বিদায় নেওয়ার আগে তিনি করেন ৩৩ বলে ২৭ রান। তিনি হাঁকান ৫টি বাউন্ডারি।
৪২ বলে সাতটি চার ও পাচ ছক্কায় ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম। ৩ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন শাহ ও মোহাম্মদ ওয়াসিম।
এর আগে বল হাতে বাংলাদেশের শুরুটা করেন নাহিদ রানা। আর শেষটা মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেন নাহিদ রানা। আউট করেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগাকে। তার ৭ ওভারে ৫ উইকেটে ২৪ রানের স্পেলেই মূলত পাকিস্তান মুখ থুবড়ে পড়ে।
এরপর মিরাজের ৩ উইকেট পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তিনি আউট করেছেন হুসেইন তালাত, আবদুল সামাদ ও শাহিন শাহ আফ্রিদিকে। তাসকিন ও মোস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন লোয়ার অর্ডারের ফাহিম আশরাফ। শাহিবজাদা ২৭, মাজ সাদাকাত ১৮, মোহাম্মদ রিজওয়ান ১০ রান করেন। বাকিদের কেউ স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের রান।
আগামী শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ১৫ মার্চ একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে।
মনোয়ারুল হক/
