জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা অসীমসহ তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। এই মামলায় তাকে বেশ কয়েকবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে তাকে মামলা থেকে জামিন পাইয়ে দিতে তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এক কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ করেছে ফজলে করিমের পরিবার। প্রমাণ হিসেবে এ-সংক্রান্ত কয়েকটি ফোনালাপ সোমবার গণমাধ্যমে প্রকাশ করে তারা।

এর পরপরই করণীয় ঠিক করতে মঙ্গলবার সকালে প্রসিকিউটরদের নিয়ে জরুরি বৈঠক করেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পরে দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না। তবে আনুষ্ঠানিক অভিযোগ এলে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ