প্রসিকিউটরদের সঙ্গে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : এক কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের পরদিন সব প্রসিকিউটরদের নিয়ে বিশেষ বৈঠকে বসলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক চলে ঘণ্টাখানেকেরও বেশি সময়। এ সময় প্রসিকিউশনের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে চিফ প্রসিকিউটর বৈঠকে নির্দেশনা দিয়েছেন। তবে এ বিষয়ে কোনো প্রসিকিউটর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এর আগে সোমবার (৯ মার্চ) প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। অডিওতে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন।
একাধিক সাইবার বিশেষজ্ঞ জানিয়েছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। ওই সময় ফজলে করিম চৌধুরী জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
এদিকে ঘটনার পর দেশের ন্যায়পরায়ণ মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকরা অডিওটি নিয়ে তীব্র সমালোচনা করছেন।
মনোয়ারুল হক/
