৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ একযোগে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর তথ্য জানা যায়।
অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা ও রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।
প্রজ্ঞাপনে তাদেরকে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী চাকরি থেকে অবসর প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া তাদেরকে বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি দেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মনোয়ারুল হক/
