হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ১৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ মার্চ) : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করে।
রবিবার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অবস্থানের দায়ে বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এই দুই ব্যক্তি বাংলাদেশে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এক বিবৃতিতে জানায়, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় দুই বাংলাদেশি নাগরিক খুনের মতো গুরুতর অপরাধ করার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের ফিরে যাওয়ার জন্য বনগাঁও সীমান্ত এলাকায় গোপন আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। সেই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স শনিবার (৭ মার্চ) গভীর রাতে বনগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। যাদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ ও অন্যজনের নাম আলমগীর হোসেন।
তারা আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন জায়গা ঘোরাফেরা করার পর অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে আসে।
মনোয়ারুল হক/
