ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ মার্চ) : ইসরায়েলি হামলায় তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের রাজধানী তেহরানে অস্বাভাবিক এক পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার সকালে নগরীর বহু মানুষ ঘুম থেকে উঠে দেখেন আকাশে ঘন কালো মেঘ আর সেখান থেকে পড়ছে কালো রঙের বৃষ্টি।

সিএনএন এর প্রতিনিধি ফ্রেড প্লিটজেন তেহরান থেকে জানিয়েছেন, এই বৃষ্টির পানিতে তেলের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার ভাষায়, বৃষ্টির পানি কালো দেখাচ্ছে এবং মনে হচ্ছে সেটি তেলের সঙ্গে মিশে আছে।

শনিবার সন্ধ্যায় তেহরানের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, এসব স্থাপনা থেকে সামরিক সংস্থাসহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে তেহরানের শাহরান তেল শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। হামলার পর নগরীর বায়ুমণ্ডলে তেলের কণা ও কার্বন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এসব কণা বৃষ্টির পানির সঙ্গে মিশে যাওয়ায় বৃষ্টির রঙ কালো হয়ে গেছে।

এদিকে টেলিগ্রাম বার্তায় দেওয়া এক সতর্কবার্তায় রেড ক্রিসেন্ট জানিয়েছে, তেল ও রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণের ফলে বিষাক্ত কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। বৃষ্টির পানির সঙ্গে এসব কণা মিশে তা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

বিশেষ করে ত্বক এবং শ্বাসতন্ত্রের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি আইআরসিএস।

সূত্র: সিএনএন, রয়টার্স

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ