মেসির ৮৯৯তম গোল
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ মার্চ) : আরেকটি গোলের মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন লিওনেল মেসি। শনিবার (৭ মার্চ) রাতে মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে তার দল ইন্টার মায়ামি লিগে দ্বিতীয় জয় পেয়েছে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে।
গত সপ্তাহে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডোর বিপক্ষে জোড়া গোল করা মেসি, বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে দারুণ এক চিপ শটে চলতি মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন। আর্জেন্টাইন এই সুপারস্টারের মায়ামির হয়ে ৮০তম গোলটি তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড় করিয়েছে ৮৯৯-এ, অর্থাৎ ৯০০ গোলের মাইলফলক ছুঁতে তিনি এখন মাত্র এক গোল দূরে।
আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা, যিনি জুনে ৩৯ বছরে পা দেবেন, ক্যারিয়ারের শুরুতে বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছিলেন এবং প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে করেন ৩২ গোল। এছাড়া আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা ১১৫।
শনিবারের এই জয়ে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় উঠে এসেছে তৃতীয় স্থানে, তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে।
মনোয়ারুল হক/
