প্রতীক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (৩ মার্চ) : প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি বলেন, ‘সংসদে আইন আকারে পাশ করা হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।’

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছেন। আগামী ১২ মার্চ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না এটা ওইদিন সিদ্ধান্ত হবে।’

সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কি না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক দেওয়া হবে।’

এ সময় সিসিকে চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্পের নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এছাড়া সুরমা নদী এবং ছড়া বা খালের প্রকল্প নতুন করে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

এর আগে, সকালে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। সকালে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ