সব সময় সাংবাদিকদের সঙ্গে আছি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : সাংবাদিকদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ‘আমি সব সময় সাংবাদিকদের সঙ্গে আছি, থাকব।’ আজ বুধবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে যাওয়ার আগে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নিজেকে ‘সৌভাগ্যবান’ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্র জীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম। দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়-দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি।’
তিনি বলেন, ‘আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সেই সমস্যার সমাধানটি এই মন্ত্রণালয়ের এবং আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে, সেই আলোকে আমাদের কর্মকৌশল–কর্ম পরিকল্পনা আপনাদের সামনে হাজির করব।’
সাংবাদিকসহ অংশীজনদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময়ের আশ্বাস দেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
মনোয়ারুল হক/
