সেহরি-ইফতার-তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ ফেব্রুয়ারি) : রমজান সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এ নির্দেশনা দেন তারেক রহমান।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের যে বিপুল জনসমর্থন-সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন, জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন ও জবাবদিহি চায়। সেক্ষেত্রে আমরা নিজ নিজ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি, তারা যেন যেকোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রমজান ঘিরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার বিষয়েও আলোচনা হয়েছে।’
নুরুল হক নুর বলেন, ‘বিশেষ করে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে। সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কী করা যায়। সামগ্রিকভাবেই সমস্ত বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। অতীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বিভিন্ন কারণে অনেক ক্ষেত্রে সেই শ্রমবাজারে স্থবিরতা এসেছে। এ পরিস্থিতিতে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।’
এ ছাড়া, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নেবে বলেও জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মনোয়ারুল হক/
