ভোট দিলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান সকাল ১০টা ২৪ মিনিটে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
তিনি বলেন, ‘আজকে আমাদের জাতির জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। অত্যন্ত আনন্দের দিন। গত দেড় বছর ধরে আমরা এ দিনের অপেক্ষায় ছিলাম।’
বৃহস্পতিবার (১২ ফোব্রুয়ারি) সকালে ভোটদানের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সেনাপ্রধান।
পরে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আজকে সেই নির্বাচন হচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সারা দেশে কোথায় কি হচ্ছে, সকাল থেকে খোঁজখবর নিয়েছি। আমার কাছে যে খবর এসেছে, তা হলো নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, নির্ভয়ে আপনারা বাসা থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যাবেন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’
গণমাধ্যমের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, ‘আপনাদের তথ্য ও সংবাদের মাধ্যমে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা ভোট দিতে উৎসাহী হচ্ছে।’
মনোয়ারুল হক/
