কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ ভোটের সরঞ্জাম।

গতকাল মঙ্গলবার ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামাদি উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে আজ এসব সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বাক্স পৌঁছে যাবে আজ সন্ধ্যায়।

এরপর আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বার্চনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালটটি হবে গণভোটের।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স – এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তার মতে, ‘যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি নাই কারও। কোথাও একটা ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু ইলেকশন বাধাগ্রস্ত করতে পারবে না।’

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ