নির্বাচনে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (ফরিদপুর), এবিসিনিউজবিডি, (১০ ফেব্রুয়ারি) : জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।’
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। এটা একটা ক্রেডিবল ইলেকশন হবে।’
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানে আজকের মতবিনিময় সভায়ও এটি আলোচনা হয়েছে। খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। ফরিদপুরে প্রশাসন যেভাবে নির্বাচনের পরিবেশ সাজিয়েছে, তাতে খুব সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে বলে আমরা মনে করছি। এখানে ভোট নিয়ে কোনো শঙ্কা আমরা দেখছি না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ঢাকা রেঞ্জের ডিআইজি, বিজিবির ডিজি, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লাসহ ৫ জেলা প্রশাসক, ৫ পুলিশ সুপার, মাঠ প্রশাসন, গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই উচ্চপর্যায়ের আইন-শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।
মনোয়ারুল হক/
