মসজিদুল হারামে আত্মঘাতী বোমারুর খবর ভিত্তিহীন
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২ অক্টোবর): সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মক্কার পবিত্র মসজিদুল হারামে কোনো আত্মঘাতী বোমারুর উপস্থিতি ছিল না। এসংক্রান্ত সব দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।
শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি পবিত্র নগরীতে লোকজনকে উত্ত্যক্ত করা এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির দায়ে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো বাস্তব সত্যতা নেই। তবে আটক ওই ব্যক্তির পরিচয় বা বিস্তারিত বিবরণ সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি।
এর আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব রটেছিল যে, বিস্ফোরকভর্তি ভেস্ট পরে কাবা শরিফের কাছাকাছি চলে গিয়েছিল এক আত্মঘাতী ব্যক্তি এবং পরে নিরাপত্তা বাহিনী তাকে ধরে ফেলে। তবে সৌদি নিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছে যে, এসব খবরের পেছনে কোনো সত্যতা নেই। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
মনোয়ারুল হক/
