আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযানের জন্য পুলিশ পুরোপুরি প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০ সেপ্টেম্বর): আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অভিযানে অংশ নিতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ছাড়া যৌথভাবে অভিযান পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশনা পেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত মার্চ মাস থেকেই দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি দমনে নিয়মিত ও জোরালো অভিযান চালিয়ে আসছে পুলিশ। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযানগুলো নিয়মিত অব্যাহত রয়েছে।
পুলিশের এই মুখপাত্র আরও বলেন, যৌথবাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রেও পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে নির্দেশনা পাওয়া মাত্রই আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
মনোয়ারুল হক/
