দেশে এলপিজির ঘাটতি নেই, সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ সেপ্টেম্বর): বর্তমান বাজারে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পর্যাপ্ত সরবরাহ ও মজুত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চালালে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত আগস্ট মাসে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। পাশাপাশি চলতি সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে এলপিজির সরবরাহ ও মজুতের পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

এর আগে এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় দেশের এলপিজি আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে—দেশে জ্বালানিটির কোনো প্রকার সংকট নেই।

তবে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে এলপিজির দাম বাড়ার অযৌক্তিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন অসৎ উদ্দেশ্যে পণ্য মজুত করে জনদুর্ভোগ বা অসন্তোষ তৈরি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববাজারের বিভিন্ন পণ্যের বাজারে বর্তমানে এক ধরনের জল্পনামূলক প্রবণতা কাজ করছে, যার প্রভাবেও স্থানীয় বাজারে দামের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। সরকার পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ