প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কোনো কারণ নেই
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ সেপ্টেম্বর): প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অতিরিক্ত কোনো তাড়াহুড়োর প্রয়োজনীয়তা দেখছেন না ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে, সঠিক সময় এলেই এই সফর অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দুই দেশের পরিস্থিতি পুরোপুরি ইতিবাচক রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের কোনো তারিখ নির্ধারিত হয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে পূর্বে বেশ কিছু আলোচনা হয়েছে। আমি আবারও বলতে চাই, আমাদের পক্ষ থেকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমার মনে হয় না এবারে এ নিয়ে কোনো তাড়াহুড়ো করার দরকার আছে। সময়মতো নিশ্চয়ই সফরটি হবে। সবকিছু ইতিবাচক রয়েছে। তবে আমাদের অবশ্যই যথেষ্ট সময় দিতে হবে এবং সময়ের ব্যবধানে সব বিষয় ইতিবাচক রূপ নেবে।
তিনি আরও বলেন, এই সফর নিয়ে কোনো সংশয় বা প্রশ্ন নেই। আমি ইতিবাচক আছি, মন্ত্রী ইতিবাচক আছেন, এমনকি বাংলাদেশের সাধারণ মানুষও ইতিবাচক। আমি যখনই রাস্তায় হাঁটি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, সবকিছুতেই ইতিবাচক সাড়া পাই। দুই দেশেরই কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। কাজের অগ্রগতির মাধ্যমেই সবকিছুর সুরাহা হবে। আমি অত্যন্ত আশাবাদী যে, দুই দেশের সরকারপ্রধান যখনই সুবিধাজনক সময় পাবেন, এই সফরটি বাস্তবে রূপ নেবে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি অতীতেও গুরুত্বপূর্ণ ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাঁর সঙ্গে আমার একটি চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এবং সবসময়ই একধরনের ইতিবাচক মনোভাব বজায় থাকে। আজ সুনির্দিষ্ট কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হয়নি, তবে সামগ্রিক আলোচনায় আমি সন্তুষ্ট।
দীনেশ ত্রিবেদী আরও যোগ করেন, আমি তাকে হাইকমিশন এবং ভারতের সরকারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল নিউইয়র্ক সফর নিয়েও তাকে অভিনন্দন জানিয়েছি। মূলত এটি একটি সৌজন্য সাক্ষাৎই ছিল।
মনোয়ারুল হক/
