প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ প্রার্থীর তথ্য যাচাই চলছে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ সেপ্টেম্বর): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ কার্যক্রমের শেষ মুহূর্তে এসে ৮১৭ জন প্রার্থীর তথ্য ও ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে এবং এর পরেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে কতজন প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচিত হচ্ছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের অনেকেই বর্তমান ঠিকানা পরিবর্তন করেছেন কিংবা তাদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সে কারণেই নিয়োগপত্র হস্তান্তরের পূর্বে তাদের তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা জরুরি হয়ে পড়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে এই যাচাইকরণ কাজ পরিচালিত হচ্ছে এবং এর অগ্রগতির তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে মন্ত্রী বলেন, কিছু গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের কারণে প্রার্থীদের মাঝে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অথচ পূর্বেও এমন কিছু প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট প্রার্থীরা ঠিকই নিয়োগপত্র হাতে পেয়েছেন।
নিয়োগপ্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত ধাপে ধাপে নিয়োগপত্র প্রদান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, যারা এখনও নিয়োগপত্র পাননি, যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার আগে তাদের বিষয়ে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন হবে না। তাছাড়া, ১ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা।
মনোয়ারুল হক/
