দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল হাতে নিয়েছে সরকার
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ সেপ্টেম্বর): ফ্যাসিবাদী শাসনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই ‘থ্রি-আর’ (3R) কৌশল নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালে বাংলাদেশ মুক্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। এসব অভিশাপ থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, দেশের সামনে বর্তমানে অপার সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। তরুণ জনগোষ্ঠীর সুবিধা বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ কাজে লাগিয়ে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ বা উৎপাদন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অগ্রযাত্রায় বাংলাদেশ তার উন্নয়ন অংশীদারদের পাশে পেতে আগ্রহী।
এছাড়া দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের স্টার্টআপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করতে চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
মনোয়ারুল হক/
