বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, প্রতিবেশী দেশটির সঙ্গে বরাবরই একটি গঠনমূলক, ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি সামনে আসে। এই প্রেক্ষাপটে সাংবাদিকরা জানতে চান, এই কূটনৈতিক নিয়োগ এবং দুই দেশের সম্পর্কের বর্তমান গতিপ্রকৃতি কোনো স্বাভাবিকতার ইঙ্গিত দিচ্ছে কি না। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে, তা নিয়েও প্রশ্ন করা হয়।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা সর্বদা একটি গঠনমূলক, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব কামনা করি। দুই দেশের মধ্যকার প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েই সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে ভারত। এটাই আমাদের মূল নীতি ও অভিপ্রায়।

ব্রিফিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। ভারতের বিমান বাহিনীর আয়োজনে আসন্ন বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমান বাহিনীর অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশন ও পার্শ্ববর্তী অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সি-১৩০জে বিমান নিয়ে সক্রিয়ভাবে অংশ নেবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে বাংলাদেশের এই অংশগ্রহণ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত কি না—এমন প্রশ্নেও জয়সোয়াল ভারতের আগের সেই ইতিবাচক মনোভাবেরই পুনরাবৃত্তি করেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সম্প্রতি নতুন করে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, এর আগে এই সফর নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি শর্তের কথা বলা হয়েছিল। বর্তমান নতুন আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশ কি সেই পূর্বশর্তগুলো তুলে নিয়েছে কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি জয়সোয়াল। তিনি জানান, এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য বা আপডেট থাকলে তা যথাসময়ে গণমাধ্যমকে অবগত করা হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ