ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ সেপ্টেম্বর): পুলিশ বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ৩১ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের কথা জানানো হয়।
নতুন এই আদেশে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশ ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি, সম্প্রতি সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর পুলিশ থেকে বদলি করে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। ওই ইউনিটে আগে থেকেই কর্মরত পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের এই প্রশাসনিক রদবদলে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এদিকে, একই দিনে পৃথক প্রজ্ঞাপনে একযোগে ২২ জন পুলিশ সুপারকে বদলি করা হয়। এর মধ্যে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী এবং মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরও ১৮ জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে জারি করা পৃথক প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে এই বদলি ও পদায়নের আদেশ কার্যকর করা হয়েছে।
মনোয়ারুল হক/


