অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ সেপ্টেম্বর): দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়লেও সাধারণ মানুষের আর্থিক কথা চিন্তা করে আনুপাতিক হার থেকে কিছুটা কমিয়ে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।
মন্ত্রী জানান, জ্বালানির দাম ও পরিবহন ভাড়া সমন্বয়ের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি লিটার জ্বালানির দাম এক টাকা বাড়লে কিলোমিটারে এক পয়সা ভাড়া বাড়ার কথা। সেই হিসাবে ২০ টাকা বৃদ্ধিতে ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনস্বার্থে তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত জ্বালানি মূল্যবৃদ্ধির সময় ১৫ টাকা বাড়ার বিপরীতে কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল।
পরিবহন মালিকদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ডলারের উচ্চমূল্যের কারণে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি পাওয়ায় মালিকপক্ষ বেশি ভাড়া দাবি করেছিল। তবে মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহন মালিকদের দীর্ঘ আলোচনার মাধ্যমে যাত্রী ও খাত দুটির ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে। বৈঠকে শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের কঠোর হুশিয়ারি দিয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, নির্ধারিত সীমার বেশি ভাড়া আদায় করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে আর্থিক জরিমানার পাশাপাশি রুট পারমিট পর্যন্ত বাতিল করা হতে পারে।
এছাড়া রেলওয়ের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে জানান তিনি। অন্যদিকে, নৌপরিবহনের ভাড়া নিয়ে আগামী বৃহস্পতিবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মনোয়ারুল হক/
