বিশ্বমঞ্চে মানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ সেপ্টেম্বর): জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জোরালো বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে পৌঁছানোর পর স্থানীয় সময় সোমবার রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে দীর্ঘ বিরতির পর এটি একটি ঐতিহাসিক সফর। দেশের আপামর জনসাধারণের দেশপ্রেম, আবেগ, অনুভূতি ও গভীর আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প, দেশের স্বার্থ রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি আরও যোগ করেন, ‘অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বদরবারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতায় তাঁদেরই সুযোগ্য সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেবেন।’

আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে প্রধানমন্ত্রী তাঁর গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত সংক্ষিপ্ত ও মিতব্যয়ী উল্লেখ করে মুখপাত্র বলেন, ‘অতীতের প্রথা ভেঙে সম্পূর্ণ ব্যতিক্রমী ও সংক্ষিপ্ত পরিসরে এই সফরে এসেছেন তিনি। যাতায়াতের দুই দিন বাদ দিলে মাত্র চার কার্যদিবসের এই সফরে তিনি বেশ কিছু উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।’

সফরের বহর প্রসঙ্গে মাহ্দী আমিন জানান, পুরনো ধারা সম্পূর্ণ পরিবর্তন করে এবার অত্যন্ত ছোট একটি বহর নিয়ে নিউইয়র্ক এসেছেন প্রধানমন্ত্রী। দাপ্তরিকভাবে মূল বহরে মাত্র ৩৫ জন সদস্য রয়েছেন। এর বাইরে কেবল অত্যন্ত জরুরি নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত স্টাফ এবং প্রয়োজনীয় গণমাধ্যমকর্মীরা সফরসঙ্গী হয়েছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন।

মঙ্গলবার থেকেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ব্যস্ততা শুরু হচ্ছে উল্লেখ করে জানানো হয়, সকাল ৯টায় তিনি জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বনেতাদের উপস্থিতিতে উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে একটি ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা কোনো বৈঠকের সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এবারের সফরের মূল ফোকাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ। ফলে আলাদাভাবে এ ধরনের কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ আপাতত থাকছে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ