অপ্রতিম হত্যা: অভিযুক্ত ২ কিশোর টঙ্গীর সংশোধনাগারে
কুমিল্লা প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২১ সেপ্টেম্বর): কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ কিশোরকে টঙ্গীর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এরা হলেন মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬)। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
তিনি বলেন, আমরা ৪ জনকে গ্রহণ করি। আদালত দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবে।
এর আগে দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে। এদিকে রবিবার রাতে সিয়াম ছাড়া অপর ৩ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার সে নিখোঁজ হয়।
মনোয়ারুল হক/
