ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ সেপ্টেম্বর): কয়েক দিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিরুদ্ধে চমৎকার জয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে জালের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেও গোল পেলেন এই আর্জেন্টাইন জাদুকর, তবে লিগে দলটির জয়হীন থাকার ধারা বেড়ে পৌঁছাল চার ম্যাচে।
স্যান ডিয়েগোর বিপক্ষে ঘরের মাঠ নু স্টেডিয়ামে মেসির দৃষ্টিনন্দন ফ্রি কিকের সুবাদে সমতায় ফেরার পর, লুইস সুয়ারেজের গোলে লিডও নিয়েছিল মায়ামি। কিন্তু শেষ পর্যন্ত ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের জোড়া গোলে টানা চতুর্থবারের মতো ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো ফ্লোরিডার ক্লাবটিকে।
ম্যাচের শুরুতেই, ১২ মিনিটে ড্রেয়ার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে স্যান ডিয়েগোকে এগিয়ে দেন। এরপর প্রতিপক্ষ দল কিছুটা সময় বল দখলে আধিপত্য বজায় রাখলেও, ২৪ মিনিটে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে মায়ামি। ডি-বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া মেসির বাঁ পায়ের চমৎকার শটটি কোনো খেলোয়াড়কে স্পর্শ না করে গোললাইনের সামনে বাউন্স করে দূরের পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে যায়।
এই গোলের সুবাদে লিগে নিজের বিশতম গোলটি পূর্ণ করলেন মেসি। এর আগের ম্যাচেই গোলের সেঞ্চুরি ছোঁয়া এই তারকা ফুটবলার মায়ামির হয়ে ১০১তম এবং বর্ণিল ক্যারিয়ারে সব মিলিয়ে ৯৩০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন। আর ক্যারিয়ারে ফ্রি কিক থেকে এটি ছিল তার ৭৫তম গোল।
মেসির এই সমতাসূচক গোলের পর স্যান ডিয়েগোর রক্ষণভাগে আক্রমণের চাপ বাড়িয়ে দেয় মায়ামি। মনে হচ্ছিল জয়সূচক গোলটি কেবল সময়ের ব্যাপার। অবশেষে ৭৪ মিনিটে রদ্রিগো দে পলের নিখুঁত পাস থেকে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেন লুইস সুয়ারেজ।
ম্যাচের শেষ দশ মিনিটে প্রবেশ করার সময় জয়ের সুবাস পাচ্ছিল মায়ামি। তবে সবাইকে চমকে দিয়ে ঠিকই ম্যাচে ফেরে ডিয়েগো। ভার্সকোভের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ২-২ করেন ড্রেয়ার।
শেষ নয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ইন্টার মায়ামি এমএলএস পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে। ২৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ১১ পয়েন্ট পিছিয়ে আছে। তাদের সমান ৪৬ পয়েন্ট সংগ্রহ করে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।
মনোয়ারুল হক/
