আত্মহত্যার প্ররোচনায় স্ত্রী সহ নজরুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ সেপ্টেম্বর): রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
তিনি জানান, শেরেবাংলা নগর থানার একটি আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ওই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলাটিতে এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল্লাহসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, খবর পাওয়ার পর পরই আইন প্রয়োগকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে সিআইডির ফরেনসিক টিমকে তলব করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছিল শেরেবাংলা থানা পুলিশ।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে এমপি গাজী নজরুলের কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
মনোয়ারুল হক/
