ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২০ সেপ্টেম্বর): পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসভবন থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা বিক্ষোভ মিছিলের প্রাক্কালে এই পদক্ষেপ নেওয়া হলো। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই পাঞ্জাবের এক মুখপাত্র আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

লাহোর জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়।

গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে প্রশাসন দাবি করেছে, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারত।

কারাবন্দি ভাই ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ বা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে পিটিআই। গত শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিরোধী দলের এই কর্মসূচি প্রতিহত করতে সরকার সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, আলিমা খানের এই আটকের তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহচর ও পিটিআইয়ের প্রভাবশালী নেতা জুলফি বুখারি। একে তিনি পুরোপুরি ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেন। তার মতে, ২৭ সেপ্টেম্বরের নির্ধারিত বিক্ষোভকে ঘিরে সরকারি মহলে যে চরম আতঙ্ক তৈরি হয়েছে, তারই বহিঃপ্রকাশ হলো এই গ্রেপ্তার। সূত্র : রয়টার্স

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ