দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ সেপ্টেম্বর): পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

রোববার (২০ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী কানাডার হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুই দেশের মধ্যকার এই বৈঠকে বহুপাক্ষিকতা সমুন্নত রাখতে বাংলাদেশ ও কানাডা কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, তা গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। এছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে উচ্চপর্যায়ের বিভিন্ন আলোচনা নিয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকের একটি বড় অংশজুড়ে ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিভিন্ন উপায় খোঁজা। বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর একক নির্ভরতা কমিয়ে হালকা প্রকৌশল এবং যন্ত্রপাতির মতো উদীয়মান খাতগুলোতে বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

আলোচনায় প্রতিমন্ত্রী কানাডায় বসবাসরত এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া রোহিঙ্গা সংকট উত্তরণে কানাডার পক্ষ থেকে অব্যাহত রাজনৈতিক ও মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি।

উত্তরে হাইকমিশনার মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ ভূখণ্ডে প্রত্যাবর্তনের বিষয়ে কানাডার সুদৃঢ় প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেন।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের বিষয়টি মাথায় রেখে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্ব এবং এ সংক্রান্ত জলবায়ু অর্থায়নে কানাডার জোরালো সহায়তা কামনা করেন।

অন্যদিকে, কানাডিয়ান হাইকমিশনার দুই দেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও উভয় পক্ষ খোলামেলা মতবিনিময় করেছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ