পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ সেপ্টেম্বর): পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক বন্ধুত্বের পাশাপাশি ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নতুন করে তুলে ধরেন দুই দেশের প্রতিনিধিরা।
দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা ও নিরাপত্তা সুরক্ষিত করতে জ্বালানি খাতে অংশীদারত্ব আরও জোরদার করার ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী।
এ সময় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ওষুধ খাতের উন্নয়ন, কৃষি সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মেলবন্ধন আরও সুদৃঢ় করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে সার সরবরাহ ও সংশ্লিষ্ট খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ উদ্যোগ এবং আলজেরিয়ার বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে বিশেষ তাগিদ দেন তিনি।
দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশীদারিত্বের পরিধি বাড়ানোর আবশ্যকতাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে উচ্চতর স্তরে নিয়ে যেতে জ্বালানি খাত, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া, সংস্কৃতি এবং দুই দেশের উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত।
মনোয়ারুল হক/
