স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ সেপ্টেম্বর): নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা ও কার্যকারিতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং সম্পূর্ণভাবে সরকারের নির্দেশেই পরিচালিত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এই ইসির অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন যে, বর্তমান সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলগুলোকে নির্বাচনবিমুখ করে তুলতে চাইছে। ইসির ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে স্বাধীনভাবে দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে। এমন একদলীয় ও পক্ষপাতদুষ্ট পরিবেশে সব পক্ষের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অসম্ভব।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আট দফা দাবি পেশ করে দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, নির্বাচন প্রলম্বিত করার কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। নির্বাচনে সব প্রার্থীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সব ধরনের প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ সৃষ্টির জোর দাবি জানানো হয়।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছিল জামায়াতে ইসলামী। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রশাসকদের নির্বাচনী প্রক্রিয়ায় অযোগ্য ঘোষণা করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের পথ উন্মুক্ত করা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ