সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
সিলেট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৫ সেপ্টেম্বর): সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাতে দলটির কোনো নেতাকর্মী অংশ নেননি। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
সংবর্ধনা বর্জনের কারণ ব্যাখ্যা করে মহানগর বিএনপির শীর্ষ নেতারা জানান, অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। সিটি করপোরেশনের প্রশাসক এককভাবেই এই আয়োজন সম্পন্ন করেছেন। এছাড়া নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো না হওয়া এবং রাষ্ট্রপতির মাজার জিয়ারতের সময় দলের জ্যেষ্ঠ নেতাদের জন্য পাসবিহীন গাড়ি বরাদ্দ দেওয়ায় নিরাপত্তাবাহিনী গাড়িটি মূল সড়কে আটকে দেয়। ফলে বাধ্য হয়ে নেতাদের হেঁটে মাজার এলাকায় যেতে হয়। এসব ক্ষোভ থেকেই তারা সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘বিভিন্ন কারণে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেননি। সুনির্দিষ্ট কারণগুলো এখনই বিস্তারিত বলছি না, তবে সংবর্ধনার বিষয়টি বাদ দিলে রাষ্ট্রপতির বাকি সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশ নিয়েছি।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতা ও একপেশে সিদ্ধান্তের কারণে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশনের এই সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে।’
এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই সিলেটে প্রথম সফর। এদিন বেলা ১১টা ২৭ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সিলেট সার্কিট হাউসে যান এবং সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।
মনোয়ারুল হক/
