শিল্পে আজ থেকে আগের মতো গ্যাস সরবরাহ: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ সেপ্টেম্বর): শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের বড় আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি জানান, আজ মঙ্গলবার থেকেই শিল্প-কারখানাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়ে  বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের কাছে সহযোগিতা চেয়েছেন। দেশে অস্থিতিশীলতা না করে সরকার তার মেয়াদে যাতে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়, সে জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দপ্তরে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের জ্বালানি সংকট, উত্তরণের উপায় এবং সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। এছাড়া এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ এবং আইসিসিবিসহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারাও সভায় অংশ নেন।

বৈঠক শেষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ঘোষণা পাওয়াটাই আজকের বৈঠকের সবচেয়ে বড় স্বস্তির খবর। তিনি আশা প্রকাশ করেন, আজ রাত থেকেই কারখানাগুলোতে আবার আগের মতো নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে।

সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই সংকট মূলত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। মাত্র ছয় মাস বা এক বছরে এই সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব না হলেও সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।

গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জানান, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনা ঘটার কারণে মূলত সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল। তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হয়েছে এবং সরবরাহ এখন আগের মতো স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।

ঘাটতি স্থায়ীভাবে মোকাবেলার অংশ হিসেবে জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরেকটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের লক্ষ্য অনুযায়ী, আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই এই তৃতীয় টার্মিনালটি দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে।

বৈঠকে দেশের জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমগুলোর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, শিল্প খাত ক্ষতিগ্রস্ত হলে তার বিরূপ প্রভাব পুরো দেশের অর্থনীতিতে পড়ে। তাই বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান কেবল ব্যবসায়ীদের একক স্বার্থ নয়, এটি দেশের সামগ্রিক অগ্রগতির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত।

এদিকে পেট্রোবাংলার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে গ্যাস সরবরাহ সামান্য বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার যেখানে মোট গ্যাস সরবরাহ ছিল প্রায় ২ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি), রবিবারে তা বেড়ে ২ হাজার ৩৬০ এমএমসিএফডিতে উন্নীত হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ