বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী ইইউ: রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ আগস্ট): বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আগ্রহের কথা জানিয়েছেন।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং উন্মুক্ত নাগরিক পরিসর নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারণে প্রয়োজনীয় সংস্কার, নীতিগত স্বচ্ছতা, পূর্বানুমেয়তা এবং কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে আগ্রহী।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।
বাংলাদেশের প্রতি ইইউর দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় নির্ভরযোগ্য অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে ইইউ শুধু বাজার বা উন্নয়ন সহযোগী হিসেবে নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে।’
এ সময় মিলার, প্রায় ৯ বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে আশ্রয় দেওয়া প্রসঙ্গ বাংলাদেশর ভূমিকা নিয়ে প্রশংসা করেন এবং মানবিক বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন। সেইসঙ্গে সংকটটির টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
এতে সিজিএস প্রেসিডেন্ট ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জার্মান সংস্থা ফ্রিয়েডরিশ এবার্ট স্টিফটুংগের (এফইএস) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফেলিক্স গের্ডেস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
