ইরানের সহায়তাকারীদের ডলার ব্যবস্থা থেকে বহিষ্কারের হুমকি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৫ আগস্ট): ইরানের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ ও লেনদেন অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে এ পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বা বড় ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে তুলে ধরা হয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, তেহরানের অর্থ পাচার বা আর্থিক কার্যক্রমে সহায়তা করা কোনো প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং মার্কিন ডলারনির্ভর লেনদেন কাঠামো থেকে বিচ্ছিন্ন করা হতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারির মাত্রা বাড়ানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বড় কোনো নতুন জরিমানা কিংবা সরাসরি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপে পড়ে ইরান ভেঙে পড়ছে। অর্থনৈতিক মন্দা ও মার্কিন চাপের কারণে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান ঐতিহাসিক সর্বনিম্ন পর্যায় নেমে গেছে এবং সাধারণ জনগণ মারাত্মক সংকটে পড়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ জানিয়েছেন, ওয়াশিংটনের যেকোনো ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলায় তারা ‘সম্পূর্ণ প্রস্তুত’।
দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তারা মার্কিন চাপ মেনে নেবে না বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের এই হুমকিকে আমলে না নিয়ে দেশ রক্ষা ও অর্থনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: সিএনএন
মনোয়ারুল হক/
