দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ আগস্ট) : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনরত দক্ষিণ সুদান এবং সংলগ্ন আবেই অঞ্চল সফর শেষে সফলভাবে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাঁচ দিনের এই সরকারি সফর শেষ করে শুক্রবার (১৪ আগস্ট) তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, এই সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি, তিনি আবেই অঞ্চলে মোতায়েন করা বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের কার্যক্রমও ঘুরে দেখেন।

উভয় মিশন এলাকায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ওই দুটি মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, ‘অবজারভার’ এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

আইএসপিআর জানিয়েছে, সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের ফোর্স কমান্ডার এবং আবেইর ফোর্স কমান্ডারের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি আবেই-তে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ‘ন্যাশনাল মনিটরদের’ সঙ্গেও সাক্ষাৎ করেন।

এসব সাক্ষাতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাপ্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ