রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ আগস্ট) : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামী রবিবার (১৬ আগস্ট) এই রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার এবং সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বিধান রয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি কেউ সেই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তবে তার সংসদ সদস্য পদ শূন্য হবে।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, সংবিধানের এই ৭০ অনুচ্ছেদের কারণে জনপ্রতিনিধিরা নিজেদের বিবেক ও স্বাধীনভাবে ভোট প্রদানে বাধাগ্রস্ত হন, যা মূলত তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

নির্বাচন কমিশন সচিবালয় এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ