প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ আগস্ট) : যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনার কথা রয়েছে এই বৈঠকে।
এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসনের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। এ সময় তাদের সঙ্গে ছিলেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের শীর্ষ নেতা এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সভাপতি অতুল কেশপ। এছাড়া প্রতিনিধিদলে পিটার হাস এবং নিশা দেশাইর মতো বিশিষ্ট কূটনীতিক ও বিজনেস কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্যরাও উপস্থিত রয়েছেন।
এর আগে, বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই প্রতিনিধিদলের সদস্যরা। উল্লেখ্য, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল হলো ইউএস চেম্বার অব কমার্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইং।
মনোয়ারুল হক/
