রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ আগস্ট) : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমদ।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে জোটের শীর্ষ নেতারা এই মনোনয়নপত্র জমা দেন।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর বিশিষ্ট নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ শরিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতারা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় সরকারি ও বিরোধী পক্ষ থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করছেন। ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে একটি জমজমাট প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদের মতো অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রার্থিতা ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে এবারের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হলো এক নতুন ও নাটকীয় মাত্রা।
মনোয়ারুল হক/
