যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ আগস্ট) : ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের বিনিয়োগের অপার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক অত্যন্ত দীর্ঘ ও বহুমাত্রিক। এই সম্পর্ককে আরও গতিশীল করতে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এ সময় তিনি বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরে একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রূপান্তর ও নতুন সম্ভাবনার সময় পার করছে। এই সন্ধিক্ষণে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে বিশেষ অবদান রাখবে।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও বিনিয়োগ সম্ভাবনার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের বেসরকারি খাতের পারস্পরিক অংশীদারত্ব আরও বাড়িয়ে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উভয় পক্ষের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি ছাড়াও শিল্প ও অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবার মতো সম্ভাবনাময় খাতগুলোতে মার্কিন বিনিয়োগের নানা দিক উঠে আসে। পরিশেষে, দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ আরও বাড়িয়ে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ