পুলিশের বড় রদবদল: একযোগে বদলি ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ আগস্ট) : পুলিশ বাহিনীতে এসেছে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন। জনস্বার্থ ও দাপ্তরিক কার্যক্রম গতিশীল করার অংশ হিসেবে পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজিসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

জনস্বার্থে জারি করা আদেশ অনুযায়ী, নতুন পদ ও কর্মস্থলে তাদের দায়িত্ব গ্রহণের বিষয়টি অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনকে রাজশাহীর সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে পৃথক একটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আরও ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ