জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক (রংপুর), এবিসিনিউজবিডি, (২৭ জুলাই) : বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল হিসেবে আখ্যায়িত করেন, তাদের জ্ঞান ও দূরদর্শিতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে জামায়াতে ইসলামীর আমিরকে তাদের নিজেদের গঠনতন্ত্র ভালোভাবে পড়ে দেখার পরামর্শ দেন তিনি। এ সময় জামায়াত সত্যিকারের কোনো গণতান্ত্রিক দল কি না, সেই প্রশ্নও জোরালোভাবে উত্থাপন করেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই হবে চূড়ান্ত, আর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া, কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান যে, আগামী বছর কিংবা এ বছরের শেষেই অনুষ্ঠিত হতে পারে স্থানীয় সরকার নির্বাচন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ