বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ জুলাই) : দক্ষিণের জেলা বরিশালে একদিনের সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে যাচ্ছেন তারেক রহমান।

সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে সড়কপথে সরকারপ্রধানের গাড়িবহর বরিশালের উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরপথজুড়ে মানুষের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান রয়েছে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান।

বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ