সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ জুলাই) : জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা ও দেশবরেণ্য প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই।

রবিবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী নূর আখতার, কন্যা নিলুফার জমির এবং দুই পুত্র ব্যারিস্টার নওশাদ জমির ও নওফেল জমিরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়া বিরাজ করায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নির্ধারিত জানাজা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার নওশাদ জমির এমপি।

বর্ণাঢ্য জীবনের অধিকারী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ১৯৬১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লন্ডনের বিখ্যাত লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করে তিনি অল্প সময়ের মধ্যেই সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন স্বনামধন্য ও বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছিল ছাত্রজীবনেই, ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনে যুক্ত হওয়ার মাধ্যমে। পরবর্তীতে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর তিনি এর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগ দেন এবং শুরু থেকেই দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পাঁচবার (১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯) জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ এবং দিনাজপুর-১ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন। ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন।

আইন ও রাজনীতির পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন সময়ে গণপূর্ত ও নগর উন্নয়ন, পররাষ্ট্র ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বসহ পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সফলভাবে পরিচালনা করেন। তার এই চিরবিদায়ে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ