কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুলাই) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শুধু অতীতের ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না রেখে, তাকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শাশ্বত প্রেরণার উৎস হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, নজরুল আমাদের দৈনন্দিন যাপিত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক অনিবার্য সত্তা।
আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত এক বিশেষ সভায় বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলেও এই অনুষ্ঠানে জানানো হয়।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জাতীয় কবিকে অসাম্প্রদায়িকতা ও মানবিকতার প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, সাম্যের কবি নজরুল আজীবন এক বৈষম্যহীন সমাজের গান গেয়েছেন, যা বর্তমান সরকারেরও মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষের আবির্ভাব ঘটে যারা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলে যান; নজরুল তেমনই একজন যুগস্রষ্টা ব্যক্তিত্ব। পরাধীনতার অন্ধকার যুগে তাঁর আবির্ভাব ঘটেছিল আলোকবর্তিকার মতো। অন্যায়, অবিচার, জুলুম ও কুসংস্কারের বিরুদ্ধে কবির শাণিত কলম ছিল এক অমোঘ অস্ত্র।
অনুষ্ঠানে সরকারি আমলাদের চেয়ে নজরুল গবেষক ও গুণীজনদের উপস্থিতির গুরুত্বের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী কিছুটা রসাত্মক সুরে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে যেমন নজরুল গবেষকদের উপস্থিতি বেমানান, ঠিক তেমনি নজরুলের এই উৎসবে আমলাদের চেয়ে নজরুল অনুরাগীদের প্রাধান্য থাকাই বেশি কাম্য।
বর্তমান তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল যুগে তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে নজরুলের ‘সকাল বেলার পাখী’ বা ‘থাকবো নাকো বদ্ধ ঘর’-এর মতো নৈতিক মূল্যবোধসম্পন্ন কবিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
প্রধানমন্ত্রী দেশব্যাপী সাহিত্য সম্মেলন, সেমিনার ও সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে এই ‘নজরুল বর্ষ’ সফল করার আহ্বান জানান।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এই ভার্চুয়াল অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।
উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়।
মনোয়ারুল হক/
