‘অন্তর্বর্তী সরকারের সময়কালে দুর্নীতি ছিল চরম’ —সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জুন) : বিগত অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশে রেকর্ড পরিমাণ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় গণমাধ্যমের রিপোর্টের বরাত দিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের আমলকে ‘সর্বোচ্চ দুর্নীতির সময়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কেবল তাঁর ব্যক্তিগত দাবি নয়, বরং দেশের মূলধারার গণমাধ্যমেই তা উঠে এসেছে। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী ও অভ্যন্তরীণ প্রকল্পগুলোতে যে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় নির্দেশ দিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানান।
একই সাথে দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের একটি চরম অস্থির ও সংকটময় সময় পার করে নির্বাচন আদায় করতে হয়েছে।” তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন যে, দেশের বৃহত্তর জাতীয় স্বার্থ রক্ষা এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদেই তাঁরা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছিলেন।
মনোয়ারুল হক/
