বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে চীনা বিনিয়োগের জোরালো আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ জুন) : এশিয়ার আগামী দিনের অর্থনৈতিক বিস্ময় সৃষ্টিতে বাংলাদেশকে সহযাত্রী হিসেবে বেছে নিতে চীনা বিনিয়োগকারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের ‘ভ্যালু চেইন’ বা মূল্যশৃঙ্খল সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করার তাগিদ দেন।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহ্যবাহী দিয়াওইউতাই হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই বিশেষ সেমিনারের আয়োজন করে।

শীর্ষস্থানীয় চীনা ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বিশাল অভ্যন্তরীণ বাজার এবং অনুকূল ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে চীনা কোম্পানিগুলো বৈশ্বিক বাজারে আরও দক্ষতার সঙ্গে নিজেদের অবস্থান মজবুত করতে পারে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ইতিমধ্যেই অসংখ্য চীনা প্রতিষ্ঠান সফলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তাদের সাফল্যই প্রমাণ করে যে এদেশের কর্মক্ষম জনগোষ্ঠী এবং অর্থনৈতিক সম্ভাবনা যে কোনো আন্তর্জাতিক বিনিয়োগের শতভাগ ফল দিতে প্রস্তুত।

বিনিয়োগ পরিবেশের আধুনিকায়নের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, নতুন বিনিয়োগকারীদের প্রতিটি উদ্বেগ ও প্রত্যাশাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। বাংলাদেশে একটি গতিশীল, সেবামুখী এবং নিরাপদ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। পরিশেষে, টেকসই প্রবৃদ্ধি এবং পারস্পরিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনে ‘সমমর্যাদার অংশীদারিত্বের’ ভিত্তিতে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আসার এবং সরাসরি বিনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ