মাদক নিয়ন্ত্রণে আসছে পৃথক ট্রাইব্যুনাল, সংশোধন হচ্ছে আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ জুন) : দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বিদ্যমান আইন যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই এই অপরাধ দমনে সম্পূর্ণ আলাদা ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটিকে আরও যুগোপযোগী করতে চলতি সংসদ অধিবেশনেই তা সংশোধন করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে দেশের মাদক পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের মরণনেশায় জড়িয়ে পড়েছে। এই বিশাল সংখ্যক মাদকাসক্ত জনগোষ্ঠীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাদক নির্মূলে কেবল আইনি কড়াকড়িই নয়, বরং আক্রান্তদের পুনর্বাসনেও জোর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের নিরাময় কেন্দ্রগুলোকে আরও গতিশীল ও সহায়তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে ৭৩টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মনোয়ারুল হক/
