বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ জুন) : চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন সফলভাবে সম্পন্ন করে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শাংগ্রিলা হোটেল থেকে জিপযোগে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশনে পৌঁছান। এরপর স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে তাঁরা একটি অত্যাধুনিক বুলেট ট্রেনে চড়ে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন।

এর আগে, সকাল ১০টায় দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ আয়োজনে তাঁর সঙ্গে আরও অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ। এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনীতি, ব্যবসা, শিক্ষা এবং গণমাধ্যম খাতের প্রায় ১ হাজার ৭০০-এরও বেশি প্রতিনিধি সমবেত হয়েছেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি একদিকে যেমন দেশে নতুন বৈশ্বিক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, অন্যদিকে উন্নত দেশগুলোর সেরা অভিজ্ঞতা ও কর্মপদ্ধতি কাজে লাগিয়ে বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে পৌঁছান, যা সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্যায়। এর আগে, গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার মাধ্যমে তাঁর এই প্রথম বিদেশ সফর শুরু হয়েছিল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ