জনসাধারণকে সাথে নিয়ে ডেঙ্গু রুখবে সরকার, মাঠপর্যায়ে থাকছে বিশেষ টাস্কফোর্স: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ জুন) : বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কায় এবার কোমর বেঁধে নামছে প্রশাসন। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে জরুরি বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সচিবালয়ে নবগঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে মাঠে নামার কঠোর নির্দেশনা দেন।

এবারের ডেঙ্গু বিরোধী অভিযানে মাঠপর্যায়ে তদারকি, জরুরি পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সরাসরি তত্ত্বাবধানে এই টাস্কফোর্স কাজ করবে।

আজকের সভায় উপস্থিত থেকে প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় কমিটির এই প্রথম সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে— ব্যাপক হারে সচেতনতামূলক লিফলেট বিতরণ; স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে বিশেষ প্রচারণা; এবং স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সমন্বয়ে জোরদার পরিচ্ছন্নতা অভিযান। এছাড়াও ফগার মেশিন ও মশক নিধন ওষুধের গুণগত মান নিয়মিত পরীক্ষা করা এবং নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান কিংবা গ্যারেজের মতো সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলগুলোতে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়।

সম্প্রতি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রমকে আরও জোরালো করতে এই জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং স্থানীয় সরকার মন্ত্রী।

আজকের এই নীতি-নির্ধারণী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্ষার আগেই সমন্বিত প্রস্তুতি ও জনবল নিশ্চিত না করলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হতে পারে, তাই এখন থেকেই সবাইকে অ্যাকশনে যেতে হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ